জাকিয়া সুলতানা সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ১ নং বাংলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এর বিরুদ্ধে অনাস্থা এনেছেন পরিষদের ১০ জন সদস্য। আজ সোমবার দুপুরে দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার নিকট লিখিত অভিযোগ দেন তারা।
অভিযোগে উল্লেখ করেন, ১ নং বাংলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন গত ১১ নভেম্বর ২০২১ ইংরেজি সালে নির্বাচিত হয়ে যথারীতি শপথ গ্রহণের পর ৩১/১২/ ২০২১ ইংরেজি সালে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকেই চেয়ারম্যান কোনো আইন বা বিধির তোয়াক্কা না করে মনগড়া বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন। মৌখিক ভাবে বারবার প্রতিবাদ ও বারণ করলে এর প্রতি কর্ণপাত না করায় গত ১৭/০৪/২০২২ ইংরেজি তারিখে সকল দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করি।এর প্রেক্ষিতে চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন পরিষদের একটি সভায় আর কোনো অনিয়ম করবেন না বলে প্রতিশ্রুতি দেন।কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে আগের চেয়ে আরও বেশি দুর্নীতি ও অনিয়ম শুরু করেন।
অভিযোগে আরও উল্লেখ করেন, জন্মনিবন্ধন সহ বিভিন্ন সনদ ও প্রত্যয়ন গুলো করার জন্য ইউডিসির উদ্যোক্তার বদলে পরিষদের কোনো অনুমোদন ছাড়াই তার ব্যক্তিগত লোকদেরকে ইউপি ভবনের দু তলায় কম্পিউটার প্রিন্টার্স সহ বসিয়ে দেন।জন্মনিবন্ধন আবেদন যেকোনো স্হানে করার এখতিয়ার থাকলেও তার মনোনীত ব্যক্তির দ্বারা না করালে উক্ত আবেদন তিনি গ্রহণ করেন না।জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা -২০১৮ এর ধারা -২১ মোতাবেক ফী নেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান এর নির্দেশে এসব লোকজন ৪০০/৫০০/৭০০ টাকা পর্যন্ত আত্মসাৎ করার উদ্দেশ্যে আদায় করছেন।সরকারি ফী পরিশোধ করছেন না।
অভিযোগে আরও উল্লেখ আছে, ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই তার ব্যক্তিগত লোকদের মাধ্যমে ইউনিয়নে প্রত্যেক খানা হতে নাম্বার প্লেটের নামে ১৫০ টাকা করে প্রায় দশ লক্ষ টাকা চাঁদা আদায় করেছেন।পরিষদের হোল্ডিং ট্যাক্সের প্রায় নয় লক্ষ টাকা উত্তোলন করেন।এছাড়াও ট্রেড লাইসেন্স বাবৎ ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা ফী আদায় করেন।
হাটবাজার ইজারা সহ জি আর চাউল আত্মসাৎ করার অভিযোগও করেন তারা।
নিয়মিত অফিস করেন না এবং সময়মত কল দিয়ে পাওয়া যায় না বলেও অভিযোগ করেন। এসব অভিযোগ লিখিত ভাবে প্রদান করে চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অনাস্থা প্রস্তাব গৃহীত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মর্জি কামনা করেন তারা।
অনাস্থা প্রস্তাবে লিখিত অভিযোগ করেছেন, বাংলা বাজার ইউনিয়ন পরিষদের ১’২’৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার মোছা. জয়নব বিবি,
১ নং ওয়ার্ড মেম্বার মো. ছফি উল্লাহ,
৩ নং ওয়ার্ড মেম্বার মো. নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড মেম্বার আল আমিন, ৬ নং ওয়ার্ড মেম্বার আ. কাদির,৪’৫’৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার বকুল আক্তার,
আব্দুল কাদির মেম্বার, আবু হানিফ মেম্বার ও মোহাম্মদ মোশাররফ হোসেন মেম্বার।