মোঃশাহজাহান খন্দকার-কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
শনিবার (১ অক্টোবর) বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা ও বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।
জেলায় রেঞ্জ ডিআইজির আগমন উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।
শনিবার বিকেল ৪ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
পরে সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পুলিশের উর্ধ্বতন অফিসারদের সাথে পুলিশ অফিস কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানা, ডিবি অফিসার ইনচার্জসহ অন্যান্য ইউনিট ইনচার্জ ও বিশেষ কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত সহ জেলার জনশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ সহ নানাবিধ পুলিশিং বিষয়ে আইনের আলোকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত বিশেষ কল্যান সভায় রংপুর রেঞ্জ ডিআইজি উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে সেগুলো বাস্তবায়নের তরিৎ উদ্যেগ গ্রহন করেন ও ক্ষেত্র মতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা প্রদান করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ জেলা পুলিশ কুড়িগ্রামের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স বৃন্দ।
মতবিনিময় সভা শেষে রংপুর রেঞ্জ ডিআইজি কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের সথে মতবিনিময় করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, বিভিন্ন ধর্মাবলম্বী সুধীসমাজের নাগরিকবৃন্দ। এসময় রেঞ্জ ডিআইজি সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপের নিরাপত্তা সহ যেন সকলে সুষ্ঠু ভাবে পুজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে থাকবে মর্মে আশা ও প্রত্যয় ব্যক্ত করেন।
রেঞ্জ ডিআইজি আরও বলেন, যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না, বরং পূর্বের থেকে অধিকতর কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে বলেও কঠোর হুশিয়ারী প্রদান করেন। এসময় রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম দেশের প্রচলিত আইন, বিধি ও সংবিধানের আলোকে সুচারু ভাবে দায়িত্বপালনের জন্য পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন।