নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান এবং জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুলসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে বীজ ও সার প্রদান করা হয়েছে। এর মধ্যে জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১ কেজি তিল বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি মুগ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।