চলমান বাংলাদেশ ডেক্সঃ
সুনামগঞ্জের ছাতকে বাস চালককে বেধড়ক মারপিটের ঘটনায় দায়েরি মামলার প্রধান আসামী অলাছ মিয়া (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বড়কাপন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন গ্রামের আসকর আলীর পুত্র।
জানা যায়, গত (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকা (মেট্রো-ব-১৪-৯৬৪৯) যাত্রীবাহী বাস নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিলেন সিলেটের জালালাবাদের মৌলভীরগাঁও গ্রামের আবদুন নুরের পুত্র চালক সাজ্জাদুর রহমান। বাসটি সড়কের বড়কাপন পয়েন্টে পৌঁছার পর কয়েকটি সিএনজি চালিত অটো-রিকশা এলোপাতাড়ি ভাবে সড়কে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সিএনজি চালিত অটো-রিকশা চালকরা। বিষয়টি নিয়ে এখানের সিএনজি চালিত অটো-রিকশা চালকদের সাথে কথা কাটাকাটি হয় বাস চালক সাজ্জাদুর রহমানের। এক পর্যায়ে তারা বাস চালকের উপর ক্ষিপ্ত হয়ে তাকে গাড়ি থেকে টেনে হেঁছড়ে নামিয়ে বেধড়ক মারপিট করে ক্ষান্ত হয়নি। ওই বাস চালককে স্থানীয় একটি দোকানে নিয়ে দলবেঁধে বেধড়ক পিটিয়ে বিবস্ত্র করে। তাকে বাঁচাতে স্থানীয় বাস মালিক সমিতির ম্যানেজার গৌছ আলী, আবদুস ছাত্তারসহ এলাকার লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় সংঘবদ্ধ চালকরা। অতর্কিত এ হামলায় বাস চালক, মালিক সমিতির ম্যানেজারসহ ৬ ব্যক্তি আহত হন। পরে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বোরহান উদ্দিন বাদি হয়ে ছাতক থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নং-০৯) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার। তিনি বলেন, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।