আব্দুল কাদের, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে সাজেদা ইসলাম সাজু (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে শহরের জানিয়ার বাগান এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
নিহত সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
(ওসি) সিরাজুল ইসলাম জানান, সাজেদা ইসলাম সাজু শহরের জানিয়ার বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিকেলে তার ছোট মেয়ে আরিফা এসএসসি পরিক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও জানান, কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে বলেও জানান তিনি।