খন্দকার ছদরুজ্জামান, জেলা প্রতিনিধি, নড়াইল :
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার নড়াইল-এ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
সেমিনারে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। তিনি তার বক্তব্যে নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং এতে দেশের অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিন সাত্তার, পাচারের শিকার মানব উদ্ধার সংস্থা-এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, প্রবাসী কল্যাণ সেন্টার যশোর-এর সহকারী পরিচালক মো. ফসিউল আলম এবং জেলা জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম।
সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) রাশেদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর (সিভিল) মোঃ আলী রেজা, ইন্সট্রাক্টর (ড্রাইভিং) মোঃ আক্কাস আলী, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ মাহাবুর রহমান, সাংবাদিক জিয়াউর রহমান জামি ও আল আমিনসহ অন্যান্যরা।
সেমিনারে টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশিক্ষণরত শিক্ষার্থী এবং রেমিট্যান্স যোদ্ধারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানে ঝুঁকি কমানো সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।