স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলায় দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বিরামপুর এলাকার মেসার্স খন্দকার ব্রিকস, বালিকান্দি এবং হালুয়ারঘাট এলাকার মেসার্স মিজান ব্রিকস নামের দুইটি ইটভাটাকে পৃথকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।