ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল সড়কের ভূমি অফিসের সামনে থেকে ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
একাধিক ভুক্তভোগী জানান, বৃষ্টির সময় এই সড়কটি একপ্রকার ছোট খালে পরিণত হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প পথ ব্যবহার করতে হয়, যা সময় ও ভোগান্তি দুটিই বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় পানির নিচে সড়কের গর্ত দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়রা আরও বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো স্থায়ী কোনো সমাধান মেলেনি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, যাতে করে অচিরেই এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।