চলমান ডেক্স: সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা আলফাজ উদ্দিন স্কয়ারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে দিরাই, শান্তিগঞ্জ এবং বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ইউনিটকেও তলব করা হয়েছে। বর্তমানে চারটি ইউনিটের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পানির উৎস নিশ্চিত করা এবং ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে।
এদিকে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জান-মাল রক্ষায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করার আহবান জানান সমাজ সেবক ও সাংবাদিক এম আর সজিব । আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।