নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) শহরের কেন্দ্রীয় মডেল মসজিদের হলরুমে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী দেলওয়ার হুসাইন সাকী।
মাওলানা মুফতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জিলাই মিয়া জিলানী,আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ, তানভীর আহমদ তাসলিম এবং মাওলানা ইলিয়াস আহমদ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বৈঠকে জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ইসলামী আদর্শ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।