চলমান ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
কলিম উদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫),
নুরুল ইসলাম নুরুল (সুনামগঞ্জ-৪),
কয়ছর এম আহমেদ (সুনামগঞ্জ-৩) এবং
কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)।
বক্তারা সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাকে চাঁদাবাজিমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এবিএম মোহাম্মদ জাকির হোসেন (পিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।