চলমান ডেক্স: সুনামগঞ্জ-০১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবারে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী, শিক্ষক ও সমাজনিষ্ঠ ব্যক্তিত্ব অধ্যাপক রফিকুল ইসলাম সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের ভোট-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছেন। স্থানীয় বাস্তবতা, ব্যক্তিগত জনপ্রিয়তা ও মাঠের রাজনীতিতে তাঁর ধারাবাহিক সক্রিয়তার কারণে তিনি বর্তমানে আট দলীয় সমঝোতার আলোচনায়ও গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর থেকেই চার উপজেলার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তিনি ভোটার এলাকায় ব্যাপক আলোচনায় আছেন। অতীতে বিভিন্ন দুর্যোগে মানবিক উদ্যোগ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা খাতে অবদান তাঁকে স্থানীয়দের কাছে একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।
এলাকাজুড়ে ইসলামী আন্দোলনের তৃণমূল-ভিত্তিক প্রচারণা, প্রার্থীর ব্যক্তিগত সততা, বিনয়ী আচরণ ও ইতিবাচক ভাবমূর্তি তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে হাওরাঞ্চল, সীমান্তবর্তী গ্রাম এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে।স্থানীয় জনমতের উল্লেখযোগ্য অংশ বলছে—বর্তমান রাজনৈতিক সমীকরণে অধ্যাপক রফিকুল ইসলামকে কেন্দ্র করে একটি শক্ত অবস্থান তৈরি হচ্ছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও সাধারণ মানুষের মন্তব্যে যে ধারণা পাওয়া যাচ্ছে, তাতে এ মুহূর্তে আলোচনার শীর্ষে তাঁর অবস্থান অতিক্রম করা প্রতিদ্বন্দ্বীদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। ফলে আসনটিকে ঘিরে সম্ভাবনা, প্রত্যাশা ও রাজনৈতিক বিশ্লেষণ আরও তীব্র হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আসনে আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান তৈরি করেছে। আট দলীয় সমঝোতায় যদি অধ্যাপক রফিকুল ইসলামের নাম আলোচনায় থাকে, তবে সুনামগঞ্জ-০১ আসনের নির্বাচনী লড়াইয়ে এ বছর নতুন এক চিত্র দেখা যেতে পারে।তাঁদের ধারণা—আগামী নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-০১ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে।