কেএম শহীদুল, সুনামগঞ্জ : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল চন্দ্র আচার্যের নেতৃত্বে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় শহরের নতুনপাড়া পয়েন্ট থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁধনপাড়া ড্যাফডিল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ঢাকের তালে, তবলার লহরী ও নৃত্য-গানের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেন। পরে ড্যাফডিল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত শিল্পী ও সংগঠনের শিক্ষার্থীরা গান ও পরিবেশনায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল চন্দ্র আচার্য। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ক্যামিলিয়া কান্তা চৌধুরী ও রানা আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ জুনায়েদ আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন এডভোকেট অমিয়াংশু ঘোষ চৌধুরী অলক, বিশিষ্ট তবলা বাদক অঞ্জন চৌধুরী এবং ড্যাফডিল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ অজিত কুমার দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান। তারা নতুন বছরে কৃষকের মুখে হাসি ফোটার আশাবাদ ব্যক্ত করেন এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী সংগীত, নৃত্য ও আনন্দ-উল্লাসে ভরপুর এই আয়োজন সুনামগঞ্জবাসীর মধ্যে নতুন বছরের আমেজ ছড়িয়ে দেয়।