রাসেল মোল্লা নড়াইল ::নড়াইলের কলোড়া ইউনিয়নের আগদিয়ায় ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
ঋণ করে লিজ নেওয়া মৎস্য ঘেরে মাছ মারা যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত চাষি অসিত সিকদার । অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী । এদিকে ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের ঘটনায় এলাকায় অন্য খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১৪ অক্টোবর ) বিকেলে সরেজমিনে দেখা যায়, গোটা ঘেরজুড়ে মৃত মাছ ভেসে বেড়াচ্ছে। বেশিরভাগ মাছ পচে গেছে। পচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। ঘের থেকে মৃত মাছ অপসারণের কাজে ব্যস্ত ছিলেন কয়েকজন।
জানা গেছে, আগদিয়া গ্রামের পুর্ব বিলে ৬ বিঘা ঘের লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন এলাকার গাজি সিকদারের ছেলে অসিত সিকদার। তিনি ঘেরে রুই, মৃগেল, কাতল, তেলাপিয়া, শিং, কালবাউশ, বিগ্রেড, সিলভার কার্পসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ চাষ করে আসছেন ।
গত ১৪ অক্টোবর দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে পালিয়ে যায়। পরদিন সকালে গোটা ঘেরে মৃত মাছ ভেসে ওঠে।
এবিষয়ে একজন বলেন ঘেরে বিষ প্রয়োগ করার পর থেকে এলাকার আমরা অন্য খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছি। যেকোনো সময় আমাদেরও পরিণতি এমনটি হতে পারে ভেবে আতঙ্কে দিন পার করছি। আমি প্রশাসনের কাছে দাবি রাখব অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
ক্ষতিগ্রস্ত চাষি অসিত সিকদার বলেন, ঘেরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করায় মাছ মরে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন এখোনো কোন লিখিত অভিযোগ পাইনি, থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নিবো।