নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘটিত বিলাল উদ্দিন হত্যা মামলার দুই পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে কুমিল্লা জেলার লালমাই থানার বদরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ০৬ ও ১২ নম্বর আসামি—মোঃ রুবেল মিয়া (২৩) ও আব্দুস সালাম গেদা (৪০)-কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেওয়াননগর এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত বিলাল উদ্দিন (৪৭) একই এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৭ মার্চ দুপুরে জমির আইল নিয়ে বিরোধের জেরে প্রথমে তার চাচাতো ভাইয়ের সাথে বিবাদীদের সংঘর্ষ হয়। পরে ওই ঘটনার বিচার চাইতে গেলে বিকেলে বিলাল উদ্দিনকে প্রতিপক্ষরা পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ছাতক কৈতক হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ রাত ১২টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র্যাব-৯ আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।