স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম,মোঃ শাহজাহান খন্দকার:কুড়িগ্রামের উলিপুরে কলেজের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত কলেজের বাংলা প্রভাষক খাজানুর ইসলাম (৪৪)। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনাটি গতকাল মঙ্গলবার (১১ জুন) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে ঘটে।
অসুস্থ শিক্ষক খাজানুর ইসলামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
রংপুরে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুল্যান্সে তোলা হলে রাত ৮টার দিকে হাসপাতাল চত্বরেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কলেজ শিক্ষক খাজানুর ইসলামের বাড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার আপুয়ারখাতা গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের পুত্র।
কলেজ শিক্ষকের পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।
ওই কলেজের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন খাজানুর ইসলাম। অনুষ্ঠান শেষের দিকে অসুস্থথা অনুভব করে হলরুমে বসে পড়েন তিনি।
কলেজ শিক্ষককে অসুস্থ দেখে প্রথম উলিপুর হাসপাতাল ও পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
কলেজ অধ্যক্ষ ছাইফুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হতে না হতেই শিক্ষক খাজানুর ইসলাম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠান। সেখান থেকে রংপুরে নেওয়ার জন্য প্রস্তুতি চলাকালীন তিনি মারা যান।