সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদবাদ পয়েন্ট এলাকায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বাদ আছর বিকেল আনুমানিক ৫টা থেকে ইফতার পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতরা হলেন— মাছুম চৌধুরী (৩১), পিতা আতিকুর রহমান চৌধুরী এবং নাফি চৌধুরী (২১), পিতা মুহিবুর রহমান চৌধুরী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী সাবেক অতিরিক্ত (ওএসডি) কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবুসুফিয়ান (৬২), লুবন (৩১) পিতা সাবাজ মিয়া, জানিস (২৮) পিতা সাবাজ মিয়া, জেমিম (২২) পিতা সুফিয়ান, মাহিম (২১) পিতা সাবাজ মিয়া, এহসান (২০) পিতা আজাদ এবং সাহিন (২৫) পিতা সাবাজ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমদাবাদ এলাকার ইচ্ছার চর পয়েন্টে এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“বিকেলের দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে হঠাৎ কয়েকজন লোক এসে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।”
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এলাকায় আর কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, “মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।