স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ এবং এশিয়ার বৃহত্তর শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদী সংলগ্ন শিমুল বাগানের সামনে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নিয়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র শিমুল বাগান সংলগ্ন নদীর পাড় কেটে বালু উত্তোলন করে আসছে। এভাবে পাড় কাটা অব্যাহত থাকলে অচিরেই পর্যটকদের আকর্ষণীয় এই শিমুল বাগান বিলীন হয়ে যেতে পারে। শুধু শিমুল বাগানই নয়, আশপাশের কয়েকটি গ্রামও হুমকির মুখে পড়বে।
বক্তারা অভিযোগ করেন, ইতোমধ্যে নদীভাঙনের কারণে হাজার হাজার পরিবারের বসতভিটা বিলীন হয়েছে এবং অনেকেই বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এতে এলাকার প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
তারা আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনই জোরালো পদক্ষেপ গ্রহণ না করা হলে এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বিলীন হয়ে যাবে। পাড় কাটা বন্ধে কঠোর নজরদারি বাড়ানো এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, যুবদল সভাপতি আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, উত্তর বড়দল যুবদলের সহসভাপতি দুলাল মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।