স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় জুলাই যোদ্ধা মোঃ জহুর আলীকে রামদা দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ সদর মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকার নিজাম উদ্দিন (৫০)-এর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন জহুর আলী। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জিডিতে বলা হয়, গত ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ট্রাফিক পয়েন্ট পানামা গলির রাস্তায় ভুক্তভোগীর মোটরসাইকেলের গতিরোধ করেন নিজাম উদ্দিন। এ সময় তিনি জহুর আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজে বাধা দিলে অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করার চেষ্টা করেন এবং রামদা দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেন।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী হিসেবে কাওসার আহমেদ তমাল (৩০) ও দিলোয়ার হোসেন (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে, যারা পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে যেকোনো স্থানে পেলে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছেন। এতে ভুক্তভোগী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা-এ সাধারণ ডায়েরির আবেদন করা হয়েছে। ভুক্তভোগী তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সুনামগঞ্জ সদর থানার তদন্ত অফিসার মোঃ আরিফ উল্লাহ বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।