অদ্য বুধবার ৩১ মে ২০২৩ খ্রি. বিকাল ০৩:০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্-এঁর সভাপতিত্বে এবং জগন্নাথপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধরের সঞ্চালনায় কল্যাণ সভার কার্যক্রম পরিচালিত হয়। বিশেষ কল্যাণ সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ জেলা পুলিশের নানা সমস্যা ও প্রস্তাব ডিআইজি মহোদয়ের সামনে তুলে ধরেন। তিনি পুলিশ সদস্যদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্য অন্যায় কোনো কাজের সাথে জড়িত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিশেষ কল্যাণ সভায় সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাশেদ হাসান পরাগ, সুনামগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
এর আগে ডিআইজি মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।