চকমান ডেক্স : সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসমাবেশে সৃষ্টি হয় এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। সমাবেশ চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে ডেকে নেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং দৈনিক চলমান বাংলাদেশ অনলাইন পত্রিকার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এটিএম হেলালকে।
সমাবেশে বক্তব্যকালে তারেক রহমান জামায়াত-শিবিরের নির্বাচনী প্রচারণায় ‘ভোট দিলে জান্নাতের টিকিট’—এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, “আপনাদের মধ্যে কে কে সৌদি আরব ও মক্কায় হজ পালন করেছেন?”—এমন প্রশ্ন ছুড়ে দেন। এ সময় সামনের সারিতে উপস্থিত সুনামগঞ্জের এটিএম হেলালকে উদ্দেশ্য করে বক্তব্য দেন এবং তাকে মঞ্চে ডেকে নেন। পরে এটিএম হেলাল উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এ ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
দীর্ঘদিন ছাত্ররাজনীতি ও দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত এটিএম হেলালকে এভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে তুলে ধরাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটিএম হেলাল বলেন, “আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শান্তিগঞ্জ উপজেলার পরিচয় দিয়েছি। আশা করি তিনি শান্তিগঞ্জকে মনে রাখবেন।” তিনি আরও বলেন, এই ঘটনা সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
সমাবেশে সিলেটসহ আশপাশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।