খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার একটি হত্যা মামলার ১৭ জন আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে নড়াইল জজ কোর্টে হাজিরা দিতে এলে আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— শহীদ মোল্যা (৫০), আতাউর মোল্যা (৪৫), বাবর মোল্যা (৪৩), মো. এরশাদ মোল্যা (৪১), আ: সামাদ লিটন মোল্যা (৩৫), রবিউল মোল্যা(৩৩) , মো. মশিয়ার মোল্যা (৩১), রিয়াদ মোল্যা, মো. জসিম মোল্যা (৩০), মো. জহির মোল্যা (২৩), হুসাইন মোল্যা (২২), মো. সাকিব মোল্যা (২০), মো. মিরাজ ফকির (৪২), নাইম ফকির (২২), বিপুল শেখ (৪৫) বাবর শেখ (৩৮)ও রকিব খাঁ (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি ২০২৬ সকালে নড়াগাতী উপজেলার বেলেডাঙ্গা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এতে গুরুতর আহত হন ইউসুফ মোল্যা। পরে তাকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হামলায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, আসামিরা পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং ঘটনাস্থল ত্যাগের সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয়।
মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে এলে রবিবার( ১৯ এপ্রিল)সকালে নড়াইল জজ কোর্ট প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।