শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাদ্রাসাটি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত মাদ্রাসা কমিটির সভাপতি ও সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসেমী।
মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুল হাই এবং পরিচালনা কমিটির সদস্য হাফিজ মাওলানা সৈয়দ হাবীব সালেহ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। তিনি বলেন, এ অঞ্চলে একটি মানসম্মত হাফেজি বা নূরানী মাদ্রাসার অভাব ছিল। নবপ্রতিষ্ঠিত এ মাদ্রাসা সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ব্যক্তি, সমাজ ও দেশকে ইসলামের আলোয় আলোকিত করতে দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাউয়া হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুস সুবহান, হযরত আয়েশা সিদ্দিকা (রা.) দারুল হাদিস মহিলা মাদ্রাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন, সৈয়দপুর সামছিয়া দারুল হাদিস মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আবু আলী, ভাতগাঁও ছুরতুননেছা মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াস আহমদ ও হাফিজ গিয়াস উদ্দিন প্রমুখ।
মাদ্রাসার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আবদুল হাই। অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকার আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।