চলমান ডেক্স:সুনামগঞ্জে বাণিজ্য মেলায় ইসলামবিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়ের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে মেলার কার্যক্রম শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) বাদ জুম্মা সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তাওহীদী জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল-মাদ্রাসা-মসজিদ এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি পরীক্ষা চলমান। এখানে কোনোভাবেই বাণিজ্য মেলা কাম্য নয় তবু মেলা হচ্ছে। মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, মাইক ও উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় আশপাশে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের করা মামলার আসামি যুবলীগ ক্যাডার মেলার আয়োজক। স্বৈরাচারের দোসররা কীভাবে সুনামগঞ্জে এখনও বুক ফুলিয়ে হাঁটে? আমরা শুরু থেকে মেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছি তবুও জেলা প্রশাসক আমাদের দাবিকে তোয়াক্কা না করে মেলার অনুমোদন দিয়েছেন। এলাকার মানুষের দাবি তিনি রাখেননি। আজ মেলার শেষ দিন। আমরা আবারও দাবি নিয়ে দাঁড়িয়েছি আজ যেনো মেলা বন্ধ করা হয়।
এ সময় তারা মেলার সময় বাড়ানো হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, প্রয়োজনে ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ টু মেলা করা হবে।
মানববন্ধনে মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আরিফ রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, কলোনি হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আল হেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষোলঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান, শহিদুল ইসলাম প্রমুখ।