চলমান ডেক্স: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২২৩ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। র্যাব জানায়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের কেজাউরা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক কেনাবেচার প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে সদস্যরা, ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২২৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো. সাখাওয়াত হোসেন (২১) পিতা: বিল্লাল উদ্দিন, গ্রাম: মাঝাইর।মো. রাজু আহমেদ রাজন আলী (১৯) পিতা: রওশন আলী, গ্রাম: মাঝাইর।
তানভীর আহমেদ সাগর (২৩) পিতা: বাবুল মিয়া, গ্রাম: জয়নগর।
তিনজনই বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।