স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা হামলার শিকার হয়েছেন। এ সময় এক অফিস সহায়ককে মারধর এবং তার মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর উপজেলা সদরের পাশ দিয়ে প্রবাহিত বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নসরুমের নিয়ন্ত্রণে থাকা একটি অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ ড্রেজার মেশিনটি ভাঙচুর করা হয়। পরে মেশিনটি পুড়িয়ে ধ্বংস করার জন্য জ্বালানি আনতে বাজারে যাওয়ার পথে উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক রুসেল মিয়ার ওপর হামলা চালায় তুজাম্মিল হক নসরুমের অনুসারী শতাধিক লোকজন। তারা তাকে মারধর করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে।
হামলার শিকার অফিস সহায়ক রুসেল মিয়া জানান, “নসরুমের লোকজন আমাকে মারধর করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। যাওয়ার সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে—যেখানেই পাওয়া যাবে, সেখানেই হাত-পা ভেঙে দেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নসরুম বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসতে বাধ্য হই। বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করা হয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।